হদিস মিলছে না ২৪ টিকেট ডটকম- এর

২৪ মে, ২০২১ ১২:২৫  
পিকে হালদারের হাল ট্রাভেল সার্ভিস (হাল ট্রিপ নামে পরিচিত) গ্রাহকের টাকা নিয়ে লাপাত্তা হবার পর এবার হদিস মিলছে না আরো একটি ওটিএ প্লাটফর্ম ‘২৪ টিকেট ডটকম’ এর। কমপক্ষে ২০ কোটি টাকা নিয়ে গা-ঢাকা দিয়েছে প্রতিষ্ঠানটি। এমন অভিযোগেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ট্রাভেল এজেন্সিগুলোর অভিযোগ, এপ্রিলের মাঝামাঝিতে হুট করে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটির ফোন নম্বরগুলো। অনেকে মহাখালী ডিওএইচএস-এ গিয়ে প্রতিষ্ঠানটির অফিসে তালা ঝুলতে দেখেন তারা। এক পর্যায়ে অনলাইনেও গায়েব হয়ে যায় প্রতিষ্ঠানটি। ওয়েবসাইট থাকলেও সেখানে নেই কোনো কার্যক্রম। এর পর প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রাজ্জাকের ফোন নম্বর বন্ধ পেয়ে বাধ্য হয়ে কমপক্ষে ২০ ভুক্তভোগী কাফরুল থানায় জিডি ও মামলা করেছেন। এদের মধ্যে আইকন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্ত্বাধিকারী মো. ইব্রাহিমও রয়েছেন। ২১ মে তিনি এ বিষয়ে একটি জিডি করেছেন। অভিযোগ দাখিল করেছেন প্রতিষ্ঠানটির সাবেক মিজানুর রহমান। একইসঙ্গে দুবাইতে থাকা অপর পরিচালক প্রদ্যোতবরণ চৌধুরীর বাবা পিয়ুষ কান্তি চৌধুরী ছেলের পক্ষে সিলেটে কোতয়ালী থানায় জিডি করেন ২২ মে। এর পর থেকেই শত কোটি টাকার লেনদেন করে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে প্রায় ৯ কোটি টাকা বকেয়া রেখে লাপাত্তা হয়েছে ২৪ টিকেট ডটকম।